পুনর্জন্ম এখানেই শেষ; তবে একটু ধোঁয়াশা আছে: ভিকি

ভিকি জাহেদের বহুল আলোচিত ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম পর্ব প্রচার হওয়ার পর বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছে নাটকটি। ইউটিউবে প্রকাশের মাত্র ১ দিনে ৪.৩ মিলিয়ন (৪৩ লাখ) ভিউয়ের রেকর্ড স্পর্শ করেছে এটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব দেখা হয়েছে ৪৩ লাখেরও বেশি! যেখানে মন্তব্য আছে সাড়ে ১৩ হাজারের বেশি!

প্রায় সব মন্তব্যেই দর্শক তার ভালো লাগার কথা লিখেছেন! প্রশংসা করেছেন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীনের।

দর্শকের এমন সাড়ায় অভিভূত ভিকি জাহেদ বলেন, 

‘আমার কোন কনটেন্টই এত দ্রুত এত বেশি ভিউ হয়নি, এবারই প্রথম। দেখলাম রেকর্ড করেছে।’

’এছাড়া স্ট্রিমিংয়ের সময়েও একসঙ্গে প্রায় দেড় লাখের মত মানুষ কাজটি দেখেছে। সবকিছু মিলিয়ে রেসপন্স খুবই ভালো।’

তিনি আরও বলেন,

‘যেহেতু গল্পটা রাফসান হক আর নীলার, সেটার শেষ দেখানো হয়েছে। এই গল্পটা এখানেই শেষ।

তবে স্মার্ট অডিয়েন্সরা যদি দেখে থাকেন তাহলে তারা বুঝবেন যে এখানে বেশ কিছু ক্লু দেওয়া হয়েছে।

যে এটার শেষটা এমন হলো কেন বা এভাবে দেখানো হয়েছে কেন বা সামনে আসলে কি হতে পারে; সবকিছুর ক্লু দেওয়া আছে এই পর্বে।’

‘দেখলাম শেষটা এমন হলো কেন সেটা নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে, অনেকে কনফিউজড যে রাফসান হক বেঁচে আছে কিনা বা মারা গেছে নাকি!

একটু ধোঁয়াশা তো আছে এখানে। অনেকে চেয়েছে রাফসান হকের মুখোশ উন্মোচন হলো না কেন, আবার বেশিরভাগ দর্শকই চেয়েছে রাফসান হকের যেন কিছু না হয়।

তার কিন্তু একটা বিশাল ফ্যানবেজ তৈরি হয়েছে যারা চায় তার কিছু না হোক! সিরিজগুলোর ক্ষেত্রে এমনটা হয়।

অনেক সময় দর্শক যেটা চায় সেটা দেওয়া কিন্তু সম্ভব হয় না।’-যোগ করেন এ নির্মাতা

শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে!

স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে দেড় লাখের বেশি দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই নাটক!

নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

এছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ, সেন্টু, খায়রুল বাসার সহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।

২০২১ সালের জুলাইতে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’।

সর্বশেষ গেলো বছরের ১ অক্টোবর সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

এনএএন টিভি