বিয়ের ১৩ বছর পর ফের বর-কনে রূপে তিশা-ফারুকী, কিন্তু কেনো?

ঢাকাই শোবিজ দুনিয়ার অন্যতম সফলতম জুটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। আজ তাদের বিয়ের ১৩ বছর পূর্ণ হলো, যা অনেকের জন্য অনুপ্রেরণাও বটে।

উল্লেখ্য, ২০১০ সালের আজকের এই দিনে (১৬ জুলাই) বিয়ে করেছিলেন ফারুকী ও তিশা।  বিশেষ এই দিনটি উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনায় হাজির হয়েছেন এ দম্পতি।

দিনটিকে বিশেষ করে রাখতে তিশা ও ফারুকী তাদের বিয়ের পোশাকে পুনরায় সেজেছেন।

শুধু তাই নয়, সেই পোশাকে এমন একটি জায়গায় গিয়ে ফটোশুট করেছেন, যেই জায়গার সঙ্গে তাদের সম্পর্কের সূচনার যোগসূত্র রয়েছে!

বিয়ের ১৩ বছর উপলক্ষ্যে নিজের অনুভূতি প্রকাশ করে ফারুকী বলেন,

জীবন কখনও কখনও নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে।  আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো-

আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করবো।

সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।

তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম।

গিয়েই খেয়াল হলো, এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’র (নাটক) শুটিং হয়েছিল।

আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।

এই নির্মাতা আরও বলেন,

তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হয়েছি। বাচ্চা নেওয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হয়েছি।

কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়।

কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার ওপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনও রাতের বেলা বাতি নেভাতে পারি না, ভয় পাই।

ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কী আশ্চর্য আমরা একা একাই বড় হয়েছিলাম এই দুনিয়ায়!

সবশেষে স্ত্রীর উদ্দেশ্যে ফারুকী বলেছেন,

আরও কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’

তিশাও বাদ যাননি নিজের অনুভূতি প্রকাশ করা থেকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেন,

২০১০-র এই দিনটাতে আমাদের বিয়ে হয়। আজ ২০২৩। দেখতে দেখতে তেরোটা বছর একসাথে কাটিয়ে দিলাম।

তাই ভাবলাম একই পোশাকে, একই মানুষের সাথে আবার বিয়ে হোক।

জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে।

ধন্যবাদ তোমাকে, এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।

এনএএন টিভি