বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। স্পষ্ট কথা বলার জন্য সবসময় আলোচনায় থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বলি তারকার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কঙ্গনা। তবে এবার এ বিষয়ক কোনো খবর নয়। খবর, বিয়ে করতে চলেছেন কঙ্গনা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনের পর নাকি সাত পাকে বাঁধা পড়বেন বলিউড ‘কুইন’।
জানা গেছে, ইতোমধ্যে জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে নাকি নিজের বিয়ের লেহেঙ্গাও বানিয়ে ফেলেছেন কঙ্গনা। বিয়ে হবে হিমাচল প্রদেশে। ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়েই পাত্রের গলায় মালা দেবেন অভিনেত্রী।
সম্প্রতি ভুল করে কঙ্গনার ফ্যাশন ডিজাইনার এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রীর বিয়ের খবর ফাঁস করে দেন। তবে পাত্রের সম্পর্কে মুখ খোলেননি তিনি।
সূত্র বলছে, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তিনি বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছিলেন কঙ্গনা। এবার বিয়ের পালা।
এর আগে গণমাধ্যমে কঙ্গনা বলেছিলেন, ‘জীবনের সবকিছুর একটা সঠিক সময় আছে। ওই সময়টা যখন আসবে, তখন আমি বিয়েটা করে ফেলব। আমি বিয়ে করতে চাই এবং এটাও চাই যে, আমার একটা পরিবার হোক। কিন্তু সেটা সঠিক সময়ে হবে।’
অতীতে অভিনেত্রী একাধিকবার প্রেমে জড়িয়েছেন। তবে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। প্রেমের জেরে বিতর্কেও জড়িয়েছেন বহুবার। তবে বছরখানেক ধরে কঙ্গনা একেবারে আদ্যোপান্ত ‘ফ্যামিলি গার্ল’। ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের থেকে আজকাল পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় তাকে।
কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের ছোট শহর ভাম্বলায় জন্মগ্রহণ করেন। কঙ্গনা বাবা-মায়ের পীড়াপীড়িতে শুরুতে ডাক্তার হতে চেয়েছিলেন। পরে পড়াশোনা মাঝ পথে ছেড়ে দিল্লিতে পাড়ি জমান এবং অল্প সময় মডেলিং করেন। মঞ্চ পরিচালক অরবিন্দ গৌড়ের কাছে প্রশিক্ষণ লাভের পর কঙ্গনা ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র ‘গ্যাংস্টার’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন।
