বিয়ে করলেন শোভন-সোহিনী

অবশেষে বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি সোহিনী সরকার -শোভন গঙ্গোপাধ্যায়। ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে’—এই ক্যাপশনেই নতুন শুরুর খবর দিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গে শেয়ার করলেন জীবনের বিশেষ এই দিনের বিশেষ কিছু স্মৃতি।

গত বছর এই বৃষ্টি মুখর দিনে প্রেমের সুন্দর মুহূর্ত এসেছিল সোহিনী-শোভনের জীবনে। ঠিক এক বছর পর এই দিনেই আইনি মতে বন্ধনে বাঁধলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারলেন দুজনে। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা। সেখানেই আয়োজন ছিল বিশেষ ব্যাচেলর পার্টির। দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই আমন্ত্রিত ছিলেন সেখানে। ১৫ জুলাই চার হাত এক হলো টালিপাড়ার চর্চিত এই জুটির।

বরাবরই সাবেকি সাজ বেশি পছন্দের সোহিনীর। এমনকি সাবেকি ঘরোয়া সাজেই সোহিনীকে দেখতে অভ্যস্ত তার অনুরাগীরাও। তাই বিয়ের এই বিশেষ দিনে গাঢ় খয়েরী বেনারসিতে সেজেছিলেন সোহিনী। সঙ্গে মানানসই ঘিয়ে ব্লাউজ, খোপায় জুঁই ফুলের মালা আর মানানসই সোনার গয়না। সাদামাটা কনের সাজে সোহিনীর এই রূপ বড়ই মুগ্ধকর! অন্যদিকে শোভনের পরনে ছিল গাঢ় খয়েরী নকশা আঁকা সাদা পাঞ্জাবি। আর তারসঙ্গে মিলিয়ে গাঢ় খয়েরী ধুতি। বর-কনের সাজে দুজনকেই দেখাচ্ছিল দারুণ!

গত বছর থেকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই শোনা যেতে থাকে সোহিনী এবং শোভন নাকি সম্পর্কে আছেন। তাদের একাধিক ঘরোয়া পার্টিতেও একসঙ্গে দেখা যায়। এমনকি একই সঙ্গে একই জায়গায় ঘুরতে যেতেও দেখা যায় দুজনকে। যদিও সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি দুজন। খানিক আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্ককে। কিন্তু প্রেম কী আর লুকিয়ে থাকে! অত:পর চলতি বছরের শুরু থেকেই টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়বেন তারা। অবশেষে সেই কথাই হলো সত্যি।

সোহিনী তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা! যদিও নিরাশ হয়ে দু:খ পাওয়া অনুরাগীর সংখ্যাও কম নয়। নতুন আলোয় ভরে উঠুক সোহিনী-শোভনের নতুন এই জীবন। এই কামনাতেই ভরেছে সোহিনীর সোশ্যাল ওয়াল।

এনএএন টিভি