মুম্বাইয়ে শানের বাসভবনে অগ্নিকাণ্ড, কেমন আছেন গায়ক?

আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরের পর বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তবে আল্লুর বাড়িতে জনতা হামলা করলেও শানের বাড়িতে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির ১১ তলায় বাস করেন শান। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর।

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে।

মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শান বলেন, “রাত সাড়ে ১২টার দিকে ৭ তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমোচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। তখন ৭তলা ও নীচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নীচের তলায় নেমে গিয়েছিলেন। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, এদিকে ছাদে তখন তালাবন্ধ। আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই। দুর্ভাগ্যবশত, ওঁরাও আটকে গিয়েছিলেন। আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান। একজন আহত হয়েছেন।”

শান আরও বলেন, “দেখতে পারছিলাম আগুনে ৭ তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। ৭ ও ৮ তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের ঘরও ঠিক আছে। আমাদের কোনও ক্ষতি হয়নি।”

 

এনএএন টিভি