সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছিল। তবে আর ফিরলেন না তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়ার স্বামী সারওয়ার আলম। তিনি জানান, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া। সম্প্রতি শারীরিক অবস্থা গুরুতর হলে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এর আগে কয়েকদিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

মেয়ে জারা সারোয়ার যুক্তরাষ্ট্রের কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিশা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।

প্রসঙ্গত, পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। আর এর আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। আধুনিক গানেও তিনি সফল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

রবীন্দ্রসংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সারোয়ার। ২০১৫ সালে পেয়েছেন বাংলা একাডেমি ফেলোশিপ। ২০২১ সালে একুশে পদক লাভ করেছেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card