বাংলাদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক রিয়েলিটি শোগুলোর অন্যতম ‘লাক্স সুপারস্টার’ আবারও পর্দায় ফিরছে। সাত বছর বিরতির পর দশম আসর নিয়ে হাজির হচ্ছে এই আয়োজন, যা আগের চেয়ে আরও বিস্তৃত, আধুনিক ও সময়ের চাহিদা অনুযায়ী রূপান্তরিত।
২০০৫ সালে লাক্স বাংলাদেশ-এর হাত ধরে শুরু হওয়া এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম বদলে দিয়েছে দেশের বিনোদন জগতের চেহারা। এখান থেকেই উঠে এসেছেন বহু জনপ্রিয় তারকা, যাঁরা এখন টেলিভিশন, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারি মম, আফসানা আরা বিন্দু, নাজিফা তুষি, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া—তালিকাটি দীর্ঘ ও গর্বের।
নতুন আসরের মূল প্রতিপাদ্য হলো—তিনটি প্যাশন পয়েন্ট: অভিনয়, স্টাইলিং এবং ডিজিটাল কনটেন্ট নির্মাণ।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের ‘লাক্স সুপারস্টার’ শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ গ্রুমিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতিযোগীরা শেখার সুযোগ পাবেন নিজের ভেতরের প্রতিভা কীভাবে আবিষ্কার এবং উপস্থাপন করতে হয়।
অভিনয়, স্টাইলিং, কনটেন্ট—তিনটি স্তম্ভ
এবার শুধু সৌন্দর্য নয়, বিচার করা হবে প্রতিযোগীদের ভেতরের সক্ষমতা, অভিনয়ে তাদের ইনভলভমেন্ট, স্টাইলিংয়ে নিজস্বতা এবং কনটেন্ট নির্মাণে সৃজনশীলতা।
• অভিনয় বিভাগে প্রতিযোগীরা শিখবেন কীভাবে সংলাপ নয়, বরং চরিত্রে ঢুকে আবেগ, অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে নিজের ক্ষমতা তুলে ধরতে হয়।
• স্টাইলিং সেগমেন্টে গুরুত্ব দেওয়া হবে ব্যক্তিত্ব, চলন-বলন ও নিজের স্টাইল তুলে ধরার অভিব্যক্তিতে।
• ডিজিটাল কনটেন্ট নির্মাণে অংশগ্রহণকারীরা বুঝতে পারবেন কীভাবে একজন পারফর্মার হিসেবে সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি তৈরি করতে হয়, এবং কনটেন্টের মাধ্যমে নিজের গল্প বলা যায়।
অভিজ্ঞদের সংস্পর্শে শেখার সুযোগ
লাক্স সুপারস্টার সব সময়ই পরিচিত ছিল একজন প্রতিভাবান শিল্পীকে পরিপূর্ণ মিডিয়া পারসোনালিটিতে গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে।
এবারও এই ধারা বজায় থাকবে। প্রতিযোগীদের সঙ্গে থাকবেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। পুরো যাত্রায় তারা অংশগ্রহণকারীদের গ্রুমিং ও পরামর্শ দেবেন, যেন প্রতিটি প্রতিযোগী নিজেকে আবিষ্কার করতে পারে।
বিচারকের আসনে তারকারা
দশম আসরের বিচারক প্যানেলে থাকছেন দেশের তিনজন জনপ্রিয় ও অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব—অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান এবং চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এই প্রতিযোগিতাকে করবে আরও সমৃদ্ধ।
রেজিস্ট্রেশন চলছে
এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা। অভিনয়, স্টাইলিং ও কনটেন্ট নির্মাণে যাঁদের আগ্রহ ও প্রতিভা আছে, তাঁদের জন্য এটি হতে পারে নতুন করে গড়ে ওঠার সোনালী সুযোগ। অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৯ মে ২০২৫ থেকে, যা চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা www.luxsuperstar.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্যাম্পাস ও লোকেশন থেকেও অফলাইন রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে।
একটি ক্লিকেই খুলে যেতে পারে ভবিষ্যতের দরজা
এটি কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিভা, পরিশ্রম ও স্বপ্ন মিলে তৈরি হয় একজন পারফর্মার। কে জানে, হয়তো এবারও উঠে আসবে এমন এক মুখ, যে বদলে দেবে নিজের জীবন, আর হয়ে উঠবে পরবর্তী লাক্স সুপারস্টার।
