সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের কোতয়ালী থানা।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে জনসাধারণ এক ব্যক্তিকে জাল নোটসহ আটকে রেখেছে এমন তথ্য পায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের হাতে আটক আলী আজগর সিকদারকে হেফাজতে নেয় পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।