প্রাক্তন প্রেমিকার জন্মদিনের পার্টিতে সালমান খান

অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে সালমান খানের প্রেমের ঘটনা ওপেন সিক্রেট।

নব্বই দশকে এ জুটি চুটিয়ে প্রেম করেছেন। সেই প্রেম ভেঙে গেলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে আছে।

বুধবার (৯ জুলাই) ছিল সংগীতার জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত পার্টিতে হাজির হয়ে সালমান জানান দিলেন—সত্যি তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় ৬৫তম জন্মদিন উদযাপন করে সংগীতা বিজলানি।

কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে সাধারণ অথচ স্টাইলিশ লুকে হাজির হন সালমান। তার নতুন হেয়ার কালারও নজর কাড়ে সবার। সিকিউরিটির সঙ্গে পার্টি ভেন্যুতে পৌঁছালেও ক্যামেরার সামনে বেশ চুপচাপ ছিলেন এই তারকা। তবে গেটের সামনে একটি শিশুকে দেখে থেমে যান তিনি, শিশুটির সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার সুযোগ দেন যা মুহূর্তেই মন জয় করে নিয়েছে অনুরাগীদের

তবে অনুষ্ঠানস্থলের বাইরে এক তরুণ ভক্তকে দেখে তার মেজাজ হালকা হয়ে যায়।

জন্মদিনের সেই পার্টিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন বিজলানি। তিনি ইনস্টাগ্রামে সঙ্গীতা ও সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “শুভ জন্মদিন সঙ্গীতা বিজলানি, মিষ্টি একজন মানুষ তুমি। দিনটা আরও সুন্দর হয়ে গেল সাকমান খানের সঙ্গে। অনেক ভালোবাসা ভাই।”

২০২২ সালে বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেন তার বোন অর্পিতা। তাতে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানি। সেই পার্টিতে সংগীতাকে চুম্বন করতে দেখা যায় সালমানকে।

সালমানের প্রেমিকাদের মধ্যে আলোচিত নাম সংগীতা বিজলানি। এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়। এরপর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা।

১৯৯৬ সালে বিয়েও করেন তারা। কিন্তু ২০১০ সালে এই দম্পতির ডিভোর্স হয়।

পার্টি শেষে সালমান যখন গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখন ভক্তদের ভিড় জমে যায় তার চারপাশে। এক ভক্ত তার কাঁধে আলতোভাবে হাত রেখে সেলফি তুলতে চাইলে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন। এরপর দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন সালমান

 

এনএএন টিভি