পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভেতর থেকে উদ্ধার হয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশ। এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে ৩২ বছর বয়সী হুমাইরা আসগরের ময়নাতদন্তের রিপোর্টে এলো চাঞ্চল্যকর তথ্য।

সপ্তাহ খানেক নয়, অভিনেত্রীর মৃত্যু হয়েছে প্রায় ৮-১০ মাস আগে। এমনকী তার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ পচে গিয়েছিল।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলির মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গিয়েছিল। মেরুদণ্ড অবশিষ্ট ছিল না মৃতদেহে

তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রিপোর্টে বলা হয়েছে, হুমাইরার অস্থিমজ্জা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। মস্তিষ্ক পচে গেছে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কালো হয়ে গেছে। আঙুল ও নখের কোনও চিহ্ন নেই, মাংস গলে বেরিয়ে এসেছে হাড়। মেরুদণ্ডের হাড় থাকলেও সুষুম্না নাড়ির অস্তিত্ব নেই। হাড়ের ওপর কালো চামড়ার স্তর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। চুলে বাদামি রঙের পোকা পাওয়া গেলেও কোনো কীটপতঙ্গের লার্ভা (ম্যাগট) পাওয়া যায়নি বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।

প্রতিবেদন অনুযায়ী, পচনের স্তর এতটাই চরম পর্যায়ে ছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ বর্তমানে অসম্ভব। তবে ডিএনএ পরীক্ষা ও টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ চলছে। যেগুলো থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া, চুল, কাপড় ও রক্তের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও হাড়ও ভাঙা নেই। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ

প্রসঙ্গত, পাকিস্তানের নামকরা বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী আয়েশা খানের মৃত্যুর এক মাসের মধ্যেই মডেল-অভিনেত্রী হুমাইরার মৃত্যু ঘটে। ৭৭ বছর বয়সি এ টেলিভিশন অভিনেত্রীর মরদেহও করাচির ফ্ল্যাটে একইভাবে নিঃসঙ্গ অবস্থায় পাওয়া গেছিলো ।

 

এনএএন টিভি