অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত –শাকিব খান

সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। বিশেষ করে ডায়মন্ডের নাকফুল উপহারকে কেন্দ্র করে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত।

এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, তাঁর(শাকিব খান) এমন স্টেটমেন্টে আমি শুধু অবাকই হইনি, অপমানও বোধ করছি। তিনি জন্মদিনের উপহারকে কীভাবে অস্বীকার করলেন! আমার মাথায় আসছে না। এ বিষয়টিতো চার-পাঁচ দিন আগের। কিন্তু এতদিন পরে এসে কেন তিনি এ কথা বললেন আর কেনইবা উপহার দেওয়াকে অস্বীকার করলেন, বুঝতে পারছি না। এর পেছনে কি কারণ থাকতে পারে- সে প্রশ্ন আমারও।
বুবলী আরও বলেন, এই ইস্যুতে বিগত কয়েকদিনের চিত্র আপনারা দেখেছেন। এ নিয়ে তৃতীয় পক্ষের ফেসবুক স্ট্যাটাস এবং হঠাৎ শাকিবের এমন স্টেটমেন্ট অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা পুরো ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভাবলেই বুঝতে পারবেন। আমার সন্দেহ হচ্ছে, এর পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। শাকিব খানের ওপর সেই পক্ষের চাপ থাকতে পারে। হয়তো পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি এটি। তা না হলে শাকিব খান হঠাৎই এমন আচরণ কেন করবেন!

Share this news as a Photo Card