বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল হরর-কমেডি জনরা ‘ভুল ভুলাইয়া’। চলচ্চিত্রটির দ্বিতীয় পর্বের মাধ্যমে করোনাকালীন সময়ের মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছিলো বলিউড। এবার আসতে যাচ্ছে মুভিটির তৃতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া ৩’।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’র ট্রেলার। যেখানে দর্শকরা একসাথে দেখতে পারবেন বলিউডের অন্যতম দুই সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে।
প্রকাশিত ট্রেলারে দেখা যায় গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। ভূতুড়ে বাংলোয় অশরীরী রূপে ধরা দিয়েছেন এই দু’জনে। আসলে কে ‘মঞ্জুলিকা’? সেই রহস্যের সন্ধানে ‘রুহ’বাবা ওরফে কার্তিক আরিয়ান।
আগেই শোনা গিয়েছিল, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা বালন ফিরছেন। বুধবার এই ছবির ট্রেলারে প্রকাশ পেয়েছে বিদ্যার রোমহর্ষক রূপ। তবে তিনি একা নন, ‘মঞ্জুলিকা’ রূপে এবার তার সঙ্গে যুগলবন্দি হয়েছেন মাধুরি দীক্ষিত।
‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির পরবর্তী ছবির প্রায় চার মিনিটের ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে শুরুতেই অশরীরী রূপে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন মঞ্জুলিকা, তারই একটি সংক্ষিপ্ত বিবরণ শোনা যায়। এরপর ‘আমি মঞ্জুলিকা’ বলে চিৎকার করে উঠেন বিদ্যা বালন।
কয়েক মিনিটের মধ্যে ‘মঞ্জুলিকা’ রূপে দেখা যায় মাধুরিকেও। ট্রেলারে সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহূর্তের ঝলক উঠে এসেছে। সঙ্গে রয়েছে তৃপ্তি দিমরির সঙ্গে ‘রুহ বাবা’র রোম্যান্সের নানান দৃশ্য।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবিতে বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের তুরুপের তাস। এরপর কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও ‘মঞ্জুলিকা’র গল্প এসেছিল। সেখানে অশরীরী চরিত্রে অভিনয় করেছিলেন তাব্বু।
এবার ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে মঞ্জুলিকা রূপে মাধুরীর উপস্থিতি নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক। সবকিছু ঠিকঠাক থাকলে দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পায় টিজার। আর এই ছবি যে বক্স অফিস কাঁপাতে পারে, তার আভাস মিলেছে ট্রেলারেই।

One Reply to “আসছে ‘ভুল ভুলাইয়া থ্রি’, থাকছে বিশাল চমক”
Comments are closed.