নিজের লেখা নাটকে এবার স্ত্রীর সাথে মোশাররফ করিম

নিজের লেখা একটি নাটকে বাংলার খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম এবার স্ত্রী জুঁইকে সঙ্গে নিয়ে অভিনয় করেছেন।

নাটকটির নাম ‘সরি ২’। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। একজন স্ত্রীর রান্না করতে কতটা কষ্ট করতে হয় সে উপলব্ধি নিয়েই এ নাটকের গল্প। এরই মধ্যে নাটকটি প্রচারও হয়েছে। প্রচারের পর এটি বেশ প্রশংসিতও হয়েছে।

নিজের লেখা এই নাটকটির রচনা ও অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে একটি শিক্ষনীয় বিষয় আছে। ভালো লাগা থেকেই কাজটি করা। আমি মনে করি, এ নাটকের মধ্য দিয়ে সব মানুষের শিক্ষা নেয়া উচিত। আমার বিশ্বাস এটি যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। দিন যত অতিবাহিত হবে নাটকের গল্পের জন্য দর্শকদের আগ্রহ তত বাড়বে।’

এদিকে, মোশাররফ করিম অভিনীত একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ অভিনেতা ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

Share this news as a Photo Card