ক্রিকেটার নাসির-তামিমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন রাকিব

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে মামলার বাদী রাকিব হাসান আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হলো।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় বাদী রাকিব হাসান (তামিমার সাবেক স্বামী) আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন।

এদিন নাসির হোসেন আদালতে হাজিরা দিয়েছেন।

অপরদিকে তামিমা আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

এই মামলা থেকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে নাসির ও তামিমার বিচার শুরু হয়।

অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা।

এর আগে গত ২৪ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।

এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির,

তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন।

বর্তমানে তারা জামিনে রয়েছেন।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন।

অভিযোগ গঠনের শুনানির দিন ক্রিকেটার নাসিরের আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন,

তামিমার সঙ্গে মামলার বাদী রাকিবের তালাক কার্যকর হয়েছে ২০১৭ সালের ২২ এপ্রিল।

আর নাসির তামিমাকে বিয়ে করেন এর চার বছর পর।

সুতরাং নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ টেকে না।

আর তামিমা আইন মেনে রাকিবকে যথাযথভাবে তালাক দিয়েছেন,

তালাক কার্যকর হয়েছে। তালাকের নোটিশ দেওয়ার দায়িত্ব কাজী অফিসের।

তামিমার মায়ের বিরুদ্ধে আনা অভিযোগও সঠিক নয়।

পরে ক্রিকেটার নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সপক্ষে যুক্তি তুলে ধরেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

তিনি আদালতকে বলেছিলেন,

আসামিপক্ষ থেকে ২০১৭ সালে রাকিব ও তামিমার মধ্যে তালাক কার্যকর করার কথা সঠিক নয়।

তামিমা ২০১৮ সালের পাসপোর্টে স্বামীর নাম হিসেবে রাকিবের নাম উল্লেখ করেন।

জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়েছেন আসামিরা।

আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে অভিযোগ গঠনের বিষয় আদেশের জন্য নতুন দিন ঠিক করে দেন সেদিন।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে।

তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

Share this news as a Photo Card