আগামী ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন অভিনেতা শরিফুল রাজ। গতকালও সিনেমাটির প্রচারণার শুটে অংশ নিয়েছেন তিনি। সেই শুটে হাজির ছিল নায়কের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। প্রথম বার বাবার শুটিং দেখতে গিয়েছিল সে।
শুটিংয়ে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার একটি ছবি পরীমণি তার ওয়ালে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য প্রথমবার তার বাবার শুটিং দেখতে গেল।’
পরে এ বিষয়ে পরীমণি বলেন, ‘গতকাল দামাল এর প্রচারণার একটি কাজের শুটিং করছিলেন রাজ। হুট করেই রাজ্যকে নিয়ে চলে আসতে বলে। আমিও রাজ্যকে নিয়ে ছুটে যাই। সেখানে সিয়ামের স্ত্রী অবন্তী ও তার ছেলেও ছিল। দারুণ আনন্দ হয়েছে আমাদের। রাজ্য ওর বাবার শুটিংও উপভোগ করেছে।’
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হয়ে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
এরপর ২২ জানুয়ারি রাতে পরীর বাসায় ১০১ টাকা কাবিনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৃথিবীতে আসে রাজ-পরীর সন্তান।
