টিকার জন্য ফাইজারের সঙ্গে আলোচনা করছে চীন

ফাইজার বায়োএনটেক ইনকরপোরেশনের সঙ্গে চীন যোগাযোগ করছে। ফাইজারের সঙ্গে চূড়ান্ত আলোচনা করে দেশীয় ওষুধ প্রস্তুতকারকদের দিয়ে মার্কিন ফার্মের কভিড-১৯ অ্যান্টিভাইরাল ড্রাগ প্যাক্সলোভিডের জেনেরিক সংস্করণ তৈরি এবং বিতরণ করার চেষ্টা করছে বেইজিং। অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীনে বিক্ষোভের জেরে শূন্য করোনানীতিতে সরকার আকস্মিক ইউ-টার্ন নেওয়ার পর থেকে হাসপাতাল এবং শ্মশানগুলোতে অত্যধিক ভিড় হওয়ার খবর বেরিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বয়স্ক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার চেষ্টা করছে চীন। চীনের চিকিৎসা পণ্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল প্রডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন (এনএমপিএ) গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে ফাইজারের সঙ্গে আলোচনা করছে।

বিবিসি জানিয়েছে, চীনে বয়স্ক জনগোষ্ঠী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার বৃদ্ধির পরেও তরুণরা ইচ্ছাকৃতভাবে আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ জানিয়েছে, চীন থেকে সেসব দেশে ভ্রমণে করোনা পরীক্ষা করতে হবে।

২২ জানুয়ারি থেকে চীনে নতুন চান্দ্রবর্ষ শুরু হবে। তার আগেই ফাইজারের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে আগ্রহী বেইজিং। ফাইজারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, চীনে প্যাক্সলোভিডের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চীনা কর্তৃপক্ষ এবং (ফাইজারের) সব স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে।

তিনি আরো বলেছেন, প্যাক্সলোভিডের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে- উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় ৯০ শতাংশ কমিয়েছে। প্যাক্সলোভিডের জেনেরিক সংস্করণ তৈরি ও বিতরণের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য চীনা ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে গত মাসে বৈঠকও করেছে এনএমপিএ।

সূত্র : রয়টার্স,

Share this news as a Photo Card