নারীর প্রতি বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বিক্ষোভ করেছেন শত শত পুরুষ। নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের মতে, এ ধরনের সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের নয়, পুরুষদেরও সোচ্চার হতে হবে।
শনিবার (১৪ নভেম্বর), দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যেই এ বিক্ষোভের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, সমাজে নারীবিদ্বেষের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করতে পুরুষদেরও এগিয়ে আসা জরুরি।
বিশেষকরে, ডানপন্থি ‘ম্যানোস্ফিয়ার’ নামে পরিচিত অনলাইন নেটওয়ার্কের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন অনলাইন ফোরাম ও প্রভাবশালী ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠা এই নেটওয়ার্কে পুরুষের শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার এবং নারীবাদবিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়া হয়।
২০২৪ সালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনলাইনে এসব গোষ্ঠীর তৎপরতা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও হুমকি ছড়াতেও এসব প্রভাবশালী ব্যক্তি উৎসাহিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিক্ষোভের অন্যতম আয়োজক ও ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি বলেন, নারী জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার সমস্যায় পুরুষদেরও দায় রয়েছে। তাই এ পরিস্থিতি পরিবর্তনে পুরুষদের নিজেদের অবস্থান স্পষ্ট করা জরুরি।
তিনি বলেন, ‘আমরা পুরুষরাও সমস্যার অংশ। আর সেই সমস্যা হলো নারী জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা। এ কারণেই আমাদের সোচ্চার হওয়া দরকার। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হয়ে থাকতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’
এদিকে, সুইজারল্যান্ডে তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়ার বিষয়টি উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গত জুনে, জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বিত প্ল্যাটফর্ম মেনকেয়ার পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের প্রায় অর্ধেকের মধ্যে পুরুষত্ব নিয়ে সীমাবদ্ধ ও আধিপত্যনির্ভর ধারণা রয়েছে।
জরিপে অংশ নেওয়া এসব তরুণের মধ্যে এমন মনোভাবও দেখা গেছে যে, সমাজে ‘প্রকৃত পুরুষরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন। গবেষণায় বলা হয়েছে, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষতান্ত্রিক আদর্শ নিয়ে সমাজজুড়ে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। আর এ আলোচনা শুরু করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই।
নারীর প্রতি অনলাইন সহিংসতা ও হয়রানির ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স। চলতি মাসের শুরুতে এ বিষয়ে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী পুরুষরা। আর ধর্ষণের ঘটনায় অপরাধীদের মধ্যে পুরুষের হার প্রায় ৯৯ শতাংশ।
গত ২ নভেম্বর দেওয়া বক্তব্যে বিচারমন্ত্রী বলেন, ‘সব পুরুষই সহিংসতায় জড়িত নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই সহিংসতার জন্য দায়ী পুরুষরা।’
তিনি আরও বলেন, ‘পুরুষের সহিংসতা প্রথম আঘাত করার মধ্য দিয়ে শুরু হয় না; বরং শুরু হয় অবমাননাকর মন্তব্যের মাধ্যমে। এ ক্ষেত্রে আমাদের প্রত্যেক পুরুষেরই দায়িত্ব রয়েছে।’
সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের আরও জোরালো ভূমিকা নিশ্চিত করার দাবি এবং তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
