খেজুর গাছ পরিচর্যা শেষে রস সংগ্রহের প্রস্তুতি, শীতের অপেক্ষায় বাঘার গাছিরা

শীতের আগমনী বার্তা নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় শুরু হয়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। ইতোমধ্যে অনেক এলাকায় খেজুর গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন গাছিরা। এখন অপেক্ষা রস নামানোর। আর কয়েক দিনের মধ্যেই গাছ থেকে ঝরবে সুস্বাদু খেজুরের রস। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও পাটালি।

বাঘা উপজেলা দীর্ঘদিন ধরেই খেজুরের গুড়ের জন্য বেশ সুনাম অর্জন করেছে। এখানকার খাঁটি খেজুরের গুড় ও পাটালির চাহিদা রয়েছে স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায়। শীত মৌসুমে খেজুরের রস ও গুড়কে ঘিরে গ্রামীণ জনপদে তৈরি হয় এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় গাছিরা জানান, শীত মৌসুমকে সামনে রেখে খেজুর গাছের শুকনো ডালপালা পরিষ্কার, গাছের মাথা প্রস্তুত ও নির্দিষ্ট অংশ চেছে রস সংগ্রহের উপযোগী করা হচ্ছে। পর্যায়ক্রমে গাছে মাটির পাত্র ঝুলিয়ে রস সংগ্রহ শুরু করবেন তারা। সাধারণত সন্ধ্যায় গাছে হাঁড়ি বাঁধা হয়, আর ভোরে সেই হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় মিষ্টি খেজুরের রস।

আড়ানী পৌর এলাকার এক কুরাম বলেন, বছরের শীতকালীন সময়ে আমাদের হাঁড়ির ব্যবসাটা একটু বেশি  হয়। এলাকার গাছিরা রস সংগ্রহের জন্য মাটির হাঁড়ি ব্যবহার করে থাকেন। বর্তমানে আমাদের মাটির তৈরি সরঞ্জামের চাহিদা খুবই কম, ব্যবসা খুব ঢিলা চলছে শীতের মৌসুমে সুধু হাঁড়ি আর সারা বছর শুধু পাট এর ব্যবসা ভালো চলে”।

খেজুরের রস সংগ্রহ থেকে গুড় তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করেন গাছি ও গুড় প্রস্তুতকারীরা। সংগৃহীত রস বড় কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড়। পাশাপাশি তৈরি হয় বিভিন্ন আকৃতির পাটালি। শীতের পিঠাপুলি, পায়েসসহ নানা মুখরোচক খাবার তৈরিতে খেজুরের গুড়ের ব্যবহার গ্রামবাংলার ঐতিহ্যেরই অংশ।

তবে সময়ের সঙ্গে খেজুর গাছের সংখ্যা ও পেশাদার গাছির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের মতে, খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে হলে নতুন করে খেজুর গাছ রোপণ এবং গাছিদের উৎসাহিত করা প্রয়োজন।

বাঘা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে খেজুর গাছের সংখ্যা ছিলো ১,৫৭,৯৫০ টি,  ২০২৬-২৭ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ১,৬২,০০০ টি । আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে- ৪০৫০ টি খেজুর গাছ, বাঘয় মোট খেজুর গাছ আবাদ হয় ৭৮ হেক্টর। উপজেলায় চাষির সংখ্যা ৬০৬০ জন।

উপজেলার গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা ভেজাল গুড় তৈরি করে তা নষ্ট করে চলেছে। রস নামতে শুরু না করলেও তারা কারখানায় খেজুর গুড় তৈরি করছে এবং বাজারে বিক্রি করছেন। ইতোমধ্যে আড়ানী পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন উপজেলার উদোক্তারা এরি মধ্যে বাঘা উপজেলা উদোক্তা ফোরাম একটি সেমিনারও করেছেন এবং প্রশাসনের কাছে এই সকল বিষয়ে সহযোগিতা চেয়েছেন।

সব মিলিয়ে বাঘার গ্রামীণ জনপদে এখন খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে চলছে প্রস্তুতি। গাছিদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও পর্যাপ্ত রস পাওয়া যাবে এবং সেই রস থেকে তৈরি হবে মানসম্মত খাঁটি খেজুরের গুড়।

এবিষয়ে বাঘা উপজেলার কৃষি কমকর্তা আব্দুল মান্নান বলেন, কৃষি আবাদের জন্য বাঘা উপজেলার মাটি খুবই উর্বর, কৃষকরাও বেশ পরিশ্রমী। সারা দেশে বাঘা উপজেলার গুড়ের বেশ সুনাম রয়েছে। সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে কৃষকদের সকল সহযোগী করার আশ্বাস দেন তিনি। এছাড়াও কৃষকরা ফসল ফলাতে গিয়ে যে কোন সমস্যা লক্ষ করলে দ্রুত উপজেলা কৃষি অফিসে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

Share this news as a Photo Card