খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হামলার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাটিরাঙ্গা ও সদর থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক দুজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
আহতরা হলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, আহ্বায়ক কমিটির সদস্য প্রবীন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন ত্রিপুরা ও সুমন ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, জেলা সদরে সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গায় ফিরছিলেন বিএনপির নেতাকর্মীরা। পথে আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চারজন আহত হন।
এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তার অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ৩০ জনের একটি দল বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
হামলার ঘটনার পরপরই রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিরঞ্জন ত্রিপুরা ও নিপণজয় ত্রিপুরা নামে দুজনকে আটক করে পুলিশ। তারা আলুটিলা পুনর্বাসন এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, আটক দুজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, চারজন আহত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাটি তদন্তে রাতেই অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় নিপণজয় ত্রিপুরাকে আটক করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সদর থানার ওসি কায় কিসলু জানান, মাটিরাঙ্গায় হামলার ঘটনায় অভিরঞ্জন ত্রিপুরা নামে আরও একজনকে আটক করা হয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে রাতেই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আহতদের দেখতে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াসিম, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. ইব্রাহিমসহ দলীয় নেতাকর্মীরা। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
