ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, শেয়ার বাজারে ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার এই নতুন দফার শুল্কের ঘোষণা দেওয়া হয়। ওয়াশিংটনের দাবি, এসব দেশের অতিরিক্ত পণ্য উৎপাদন (এক্সেস প্রোডাকশন) তাদের অন্যায্য বাণিজ্যিক সুবিধা দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের পূর্ববর্তী আদেশ বাতিল করে দেওয়ার পর ১২টি দেশ, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের বাণিজ্যিক রীতিনীতির ওপর কয়েক মাসব্যাপী তদন্ত চালানো হয়। সেই তদন্তের ধারাবাহিকতায় এই নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।

বুধবার ঘোষিত এই শুল্কের তালিকায় সবচেয়ে বেশি আঘাত হানবে চীনের ওপর। দেশটির পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, যা ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর চাপানো প্রায় ২৫ শতাংশ শুল্কের সাথে যুক্ত হবে। তবে ‘বোর্ড অব ট্রেড’ নামক একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক কমানোর বিবেচনাধীন প্রায় ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) ডলার মূল্যের চীনা আমদানি পণ্যের ওপর এই প্রস্তাবিত শুল্ক কার্যকর হবে না। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, বেইজিং তাদের শিল্পখাতে ভর্তুকি দিয়ে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের মতো কম খরচের পণ্য দিয়ে বিশ্ববাজার সয়লাব করে ফেলছে। তবে চীন আবারও এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ বিষয়ে বলেন, তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ একটি ভুয়া বিষয়, এবং রাজনৈতিক কারসাজির অজুহাত হিসেবে এটি ব্যবহারের বিরোধিতা করে চীন। একই সঙ্গে তিনি বিশ্বের শীর্ষ দুই অর্থনীতিকে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

চীন ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যুক্তরাষ্ট্রের যেসব বাণিজ্যিক অংশীদার নতুন এই প্রস্তাবিত শুল্কের মুখোমুখি হতে যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এই তদন্ত প্রক্রিয়ায় মেক্সিকো এবং নরওয়েও অন্তর্ভুক্ত ছিল, তবে দেশ দুটির বাণিজ্যিক নীতির ওপর তদন্ত এখনো চলমান থাকায় তাদের নতুন শুল্কের এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার (সেকশন ৩০১) অধীনে আট মাসব্যাপী যে তদন্ত শুরু করেছিলেন, তারই ফলাফল হিসেবে এই শুল্কের ঘোষণা এল। এই আইন অনুযায়ী, কোনো দেশ অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্যিক চর্চায় লিপ্ত প্রমাণিত হলে প্রেসিডেন্ট তাদের ওপর আমদানি কর ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। তবে আইনের এই ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গ্রেগরি শ্যাফার আল জাজিরাকে বলেন, প্রশাসনের সেকশন ৩০১-এর ব্যবহার অত্যন্ত স্বার্থপর ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্বব্যাপী শুল্ক নির্ধারণ এবং প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী যেকোনো সময় তা পরিবর্তন করার লক্ষ্যকে সমর্থন জোগাতেই এই তদন্তগুলো শুরু করা হয়েছিল, যা সংবিধানে প্রদত্ত কর আরোপের ক্ষমতার অধীনে শুল্ক হার নির্ধারণে কংগ্রেসের কর্তৃত্বকে খর্ব করে।

এদিকে, এক পৃথক ঘোষণায় হোয়াইট হাউস ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের তৈরি পূর্ণাঙ্গ বিমানের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক বিমান সংস্থাগুলো; বিশেষ করে ইউনাইটেড এক্সপ্রেস, ডেল্টা কানেকশন এবং আমেরিকান ঈগল ব্র্যান্ডের অধীনে পরিচালিত ফ্লাইটগুলোতে এমব্রায়ারের জেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য হলো এই পূর্ণাঙ্গ বিমান। এছাড়া একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার তথ্যমতে, কথিত অন্যায্য বাণিজ্যিক নীতি সংশোধনে ব্রাসিলিয়ার ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে কোটার অতিরিক্ত আমদানিকৃত ব্রাজিলিয়ান চিনির ওপরও শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল আল জাজিরাকে বলেন, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা সংক্রান্ত সেকশন ৩০১ তদন্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ফলাফল প্রকাশের বিষয়টি ইইউ নজরে নিয়েছে। তিনি আরও যোগ করেন, আমরা ফলাফলগুলো পর্যালোচনা করে দেখব। একই সাথে ইউরোপ কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার উৎস; এই ধারণাকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। বরং বিপরীতভাবে, ইউরোপই অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে।

সুইস সরকারও প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, এই তদন্ত থেকে উদ্ভূত অভিযোগগুলো তারা প্রত্যাখ্যান করছে। এ বিষয়ে সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির অ্যাডজাঙ্কট সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা আল জাজিরাকে বলেন, ডিসেম্বরের মাঝামাঝি জি-২০ সম্মেলনের ঠিক আগে এই সময় নির্বাচন বৈঠকগুলোকে আলোচনার একটি সুযোগ হিসেবে তৈরি করবে এবং ২০২৭ সালে মুদ্রাস্ফীতির চাপ ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়িয়ে দেবে, যা গ্যাসের দাম কমার ফলে প্রাপ্ত কিছু সুফলকে কমিয়ে আনবে।” অন্যদিকে, নরওয়ে এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেন, পুরো প্রক্রিয়া জুড়েই আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে, নরওয়ের এমন কোনো নীতি নেই যা অতিরিক্ত উৎপাদন সক্ষমতায় ভূমিকা রাখে। নরওয়েজিয়ান কোম্পানিগুলো বাজারের চাহিদার ওপর ভিত্তি করেই উৎপাদন করে।

নতুন শুল্ক আরোপের খবরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। লেনদেনের শুরুতে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিট ৪ শতাংশের বেশি পড়ে গেলেও দিনশেষে ০.৬ শতাংশ কমে বন্ধ হয়। অন্যদিকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমে লেনদেন শেষ করেছে। তবে শুরুর দিকের লোকসান কাটিয়ে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ০.৩ শতাংশ বেড়েছে।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অবশ্য শুল্কের পাশাপাশি বুধবার প্রকাশিত মুদ্রাস্ফীতির তথ্যও স্বর্ণের দামে প্রভাব ফেলেছে। ওই তথ্যে দেখা গেছে, মুদ্রাস্ফীতির হার মূল্যায়নে মার্কিন ফেডারেল রিজার্ভের অন্যতম প্রধান সূচক ০.৩ শতাংশ বেড়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দেয়, যা স্বর্ণের বাজারকে চাপে ফেলেছে। একই দিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় অঞ্চলের বন্ড ইল্ডও কমেছে। ইউরোজোনের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত জার্মানির ১০ বছর মেয়াদী বন্ডের ইল্ড ৪.৫ বেসিস পয়েন্ট কমে ৩.২ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদী ট্রেজারি নোটের ইল্ড ৬.৮ বেসিস পয়েন্ট কমে ৪.৮৩৪ শতাংশে নেমেছে, যা গত আটটি কার্যদিবসের মধ্যে সপ্তম দৈনিক পতনের পথে রয়েছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card