মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান: ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাং এর হালিয়া মুদা স্ট্রিট, মালয়েশিয়ায় কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায়  অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হত। এখানে নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে কিছু লোক কাজ করে আসছিল।

অভিযানে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মায়ানমারের পুরুষ এবং একজন মায়ানমারের মহিলা, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ান মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষ সহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card