যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অপহরণের ২ দিন পর মিলল ভারতীয় বংশোদ্ভূত পরিবারের ৪ সদস্যের লাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত হওয়ার দুইদিন পর ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের ৪ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড শহরে নিজেদের মালিকানাধীন একটি ট্রাক কোম্পানি থেকে এই ৪ জন অপহৃত হন; বুধবার তাদের লাশ মেলে।

নিহতদের মধ্যে ৮ মাস বয়সী একটি শিশুও আছে, তার নাম আরোহী ধেরি। সোমবার সকালে মা জেসলিন কৌর (২৭), বাবা জশদীপ সিং (৩৬) ও চাচা আমনদীপ সিংয়ের (৩৯) সঙ্গে তাকেও অপহরণ করা হয়েছিল।

“আজ রাতে আমাদের সবচেয়ে বড় আশঙ্কাটাই সত্যি হল। আমরা ৪ অপহৃতকে পেয়েছি, তবে তারা মৃত,” বুধবার সংবাদ ব্রিফিংয়ে বলেন মার্সড কাউন্টির শেরিফ ভার্নন ওয়ার্নকে।

এ ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাদো নামে ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

মার্সড কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগে আত্মহত্যার চেষ্টা করা জেসুসকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জনকে অপহরণে এবং পরে তাদের লাশ পাওয়ার ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা, তা জানতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ঘটনার মোটিভ সম্বন্ধে জানা যায়নি, বলেছে তারা।