ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশদের ওপর অন্যতম মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। এই বিপদ উপেক্ষার জন্য অভিযুক্ত কম্যান্ডারদের শাস্তি দাবি করেছেন রুশ জাতীয়তাবাদী এবং আইন প্রণেতারা।
প্রসঙ্গত, ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের রুশ নিয়ন্ত্রিত এলাকায় এ বছর শুরুর আগ দিয়ে জেলেনস্কির বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে ইউক্রেনের দাবি, সেখানে কয়েকশ রুশ সেনা নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ছয়টি হিমার্স রকেট ছুড়েছে। সেগুলোর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে। চারটি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়েছে। এ ঘটনায় ৬৩ জন সেনা মারা পড়েছে।
অন্যদিকে ইউক্রেন এর আগে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা নগরীতে ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল। ইউক্রেনের সেনাবাহিনী হিসাব দিয়ে জানিয়েছিল, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, মাকিভকায় রাশিয়ার ১০টি ইউনিটের সামরিক সরঞ্জাম হামলায় ক্ষতিগ্রস্থ বা ধ্বংস হয়েছে।
সূত্র: আলজাজিরা।
