তামিলনাড়ু রাজনীতিতে দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে সরকার গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।
থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল ভিডুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো, যা দীর্ঘ ৬২ বছর ধরে চলে আসা ডিএমকে ও এআইএডিএমকে-র দ্বিদলীয় আধিপত্যের অবসান ঘটিয়েছে।
চলতি সপ্তাহের নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারছিল না। এর আগে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন নিয়ে বিজয়ের ঝুলিতে ছিল ১১৬টি আসন।
ভিসিকে-র পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ২টি আসনের সমর্থন যোগ হওয়ায় জোটের মোট সদস্য সংখ্যা এখন ঠিক ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য ন্যূনতম প্রয়োজন। যদিও ভিসিকে-র পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী তারা বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জটিলতায় বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনিশ্চয়তার মুখে পড়েছিল। রাজ্যপাল আর.ভি. আরলেকারের কাছে বিজয় একাধিকবার গেলেও পর্যাপ্ত সমর্থনপত্রের অভাবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি।
রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়। বিশেষ করে ভিসিকে-র অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকায় বিজয়ের এই রাজনৈতিক বিজয় এক প্রকার ঝুলে ছিল। বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন ছিল শর্তসাপেক্ষ, যেখানে তারা দুটি মন্ত্রীত্বের দাবি জানিয়েছিল বলে শোনা যাচ্ছে।
দুই বছর আগে রাজনীতিতে পা রাখা বিজয়ের দল টিভিকে-র এই উত্থান তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক বিশাল চমক। নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন নিয়ে বিজয় থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে পিএমকে ৪টি এবং আইইউএমএল ও বাম দলগুলো ২টি করে আসন পেয়েছে। বিজেপি এবং আম্মা মাক্কাল মুনেত্র কাজাগাম ১টি করে আসনে জয়লাভ করেছে। বর্তমানে নিজের জেতা দুটি আসনসহ বিজয়ের দলের হাতে ১০৭ জন বিধায়ক রয়েছেন, যাদের সাথে অন্যান্য শরিকদের সমর্থনে এখন দক্ষিণের এই রাজ্যে নতুন এক রাজনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি।
