মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার (৬ই জানুয়ারি) সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কংগ্রেসের স্বীকৃতির ফলে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি এখন সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত বছরের ৫ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ট্রাম্পের কাছে হেরে যান ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ট্রাম্পের।
সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করা, ২০২১ সালের ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেয়ার চেষ্টা করেন ট্রাম্প। এর ফলে তার সমর্থকেরা ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে চার বছর আগে নির্বাচনে ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।

One Reply to “আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস”
Comments are closed.