আমার পা কোথায়- পোলিও টিকা নিয়েই ইসরায়েলি হামলায় আহত শিশুর আত্মচিৎকার

‘মা কোথায়, আমার পা কোথায় গেল?’-তিন বছর বয়সী ফিলিস্তিনি হানান আল-দাক্কি বারবার এই প্রশ্ন করছে তার বছরখানেক ছোট বোন মিসককে। হানান ও মিসক প্রায় চার মাস ধরে হাসপাতালে। ইসরায়েলি বোমা হামলায় আহত এবং রক্তাক্ত অবস্থায় তাদের সেখানে আনা হয়েছিল। এরপর তাদের দুজনেরই পা কেটে ফেলা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তাদের ফুপু ২৮ বছর বয়সী শেফা আল-দাক্কি তখন থেকেই তাদের পাশে আছেন। কিন্তু তিনি জানেন না, তার দুই শিশু ভাতিজির এই প্রশ্নের জবাব কীভাবে দেবেন।

ঘটনাটি গত ২রা সেপ্টেম্বরের। সেদিন সকালে শাইমা আল-দাক্কি ভোরে উঠে তার দুই মেয়ে- হানান এবং ২২ মাস বয়সী মিসককে পোলিও টিকা দিতে নিয়ে যান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও এই টিকা দেওয়া হচ্ছিল। পরদিন দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার পর ইসরায়েল দায়ের এল-বালাহে অবস্থিত তাদের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়।

ইসরায়েলি বোমা হামলায় ২৫ বছর বয়সী শাইমা নিহত হন এবং পরিবারের বাকি সদস্যরা আহত হন। আহতদের মধ্যে ছিলেন তার স্বামী মোহাম্মদ আল-দাক্কি। বোমার আঘাতে দুই ছোট মেয়ের পা ছিন্নভিন্ন হয়ে যায়।

হানান গুরুতর আহত হয় এবং একপর্যায়ে তার দুই পা-ই হারায়। একটি হাঁটুর ওপরে কেটে ফেলা হয় এবং অন্যটি হাঁটুর নিচে। শরীরজুড়ে ক্ষত সৃষ্টি হয়। এমনকি মুখ ও খাদ্যনালিতেও সৃষ্টি হয় ক্ষতের। তার অন্ত্রের একটি অংশ অস্ত্রোপচার করে বাদ দিতে হয়। অন্যদিকে, মিসকের বাম পা কেটে ফেলতে হয়।

তাদের বাবা মোহাম্মদ আল-দাক্কি (৩১) দুই সপ্তাহ আইসিইউতে ছিলেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল এবং বুকে আঘাত লেগেছিল। শেফা আল-দাক্কি বলেন, ‘চার মাস ধরে আমরা যেন একটি দুঃস্বপ্নে আটকা পড়েছি।’

ইসরায়েলি হামলায় ভাইয়ের পরিবার ক্ষতবিক্ষত হওয়ার পর থেকেই হাসপাতালে আছেন শেফা। তিনি জানান, ইসরায়েলি হামলার পর থেকেই হানান অত্যন্ত ভঙ্গুর ও অস্থির হয়ে পড়েছে। তিনি হানানকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি আরও জানান, এই দুই মেয়েই ভয় এবং আতঙ্কের মধ্যে আছে এবং সব সময়ই তারা গায়ের সঙ্গে লেপ্টে থাকে।

শেফা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটি করতে গিয়ে প্রায়ই নিজেই কান্নায় ভেঙে পড়েন। কখনো মেয়েদের জন্য দুঃখে, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয়ে। তিনি বলেন, ‘আমি এখন শুধু এটুকুই বলতে পারি যে তাদের মা জান্নাতে আছেন। কিন্তু তাদের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে? সেটা কি আমি বলতে পারি?’

তিনি আরও বলেন, ‘বড় হয়ে তারা যখন দেখবে যে তাদের বয়সী অন্য শিশুদের থেকে তারা আলাদা তখন তারা কেমন অনুভব করবে? হানান কীভাবে তার পছন্দের পোশাক পরবে? সে যখন আমার কাছে তার পছন্দের জামা বা জুতো চাইবে তখন আমি তাকে কী জবাব দেব?’ দাক্কি পরিবারের এই সদস্য আরও বলেন, ‘হানানের জন্য পরিস্থিতি আরও কঠিন। কারণ, সে তার বোনের চেয়ে অনেক বেশি বোঝে এবং তার আঘাতগুলোও ছিল অনেক গুরুতর।’

শেফা জানান, চাচা আহমেদ হানান ও মিসকের কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। কারণ, সে তাদের সঙ্গে খেলেন এবং হাসপাতালের বাকি অংশ ঘুরে দেখার জন্য তাদের ঘর থেকে বাইরে নিয়ে যায়। কিন্তু তাদের মায়ের অভাব কি কেউ কোনদিন পূর্ণ করতে পারবে?

শেফা বলেন, ‘আমি কখনোই একটি ঘটনা ভুলব না। আমি একবার আমারে মেয়ে হালাকে এনেছিলাম হাসপাতালে। হালা ও হানান সমবয়সী। সে সময় হানান তাকিয়ে থাকত হালার পায়ের দিকে, তারপর নিজের কাটা পায়ের দিকে। যেন বিভ্রান্ত। এ ঘটনার আগে তারা সব সময় একসঙ্গে দৌড়াত ও খেলত। এখন তারা হাসপাতালের বিছানায় খেলে।’

Share this news as a Photo Card