আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা আর বাংলা ভাষার মমতায় মুখর হয়ে উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের শারজায়। মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘উচ্ছ্বাস সংগীত নিকেতন’। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

বিদেশি সংস্কৃতির ভিড়েও কচি কাঁচাদের কণ্ঠে ফুটে ওঠে বাংলা কবিতার ছন্দ আর দেশাত্মবোধক গানের সুর। প্রবাসের ব্যস্ত জীবনেও শিশুদের মাঝে দেশিয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিল্পী তিথি সরকার ও রাজিব সাহা। প্রতিষ্ঠানের পরিচালক ও সংগীত শিল্পী বঙ্গ শিমুল জানান, তাদের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা শিশুদের শেকড়ের সন্ধান দেওয়া এবং বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতির মর্যাদা তুলে ধরা।

অনুষ্ঠান শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সহযোগিতার জন্য প্রসেনজিৎ চৌধুরী, পাপড়ি মল্লিকসহ অন্যান্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকদের আশা, এভাবেই বিদেশের মাটিতে অমর হয়ে থাকবে বাঙালির প্রাণের ভাষা বাংলা।