আশুলিয়ায় ৮০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

সাভারের আশুলিয়ায় অন্তত ৮০ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অবশ্য শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বাকী কারখানাগুলোতে উৎপাদনের কাজ চলছে।

সোমবার (৯ই সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়াও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে।

এ বিষয়ে শিল্পপুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে সেই কারখানাগুলোতে সাধারণ ছুটি দেয়া হয়। এছাড়া কিছু কারখানা নানা কারণে আগে থেকেই বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে র‍্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানান, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষ না মেনে নিয়েও আবার তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা অভিযোগ করেন।

Share this news as a Photo Card