ইউক্রেনীয় জাদুঘরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত হয়েছে। এ সময় আরও ১০ জন আহত হন। ইউক্রেনের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
ইউক্রেনের এক শহরের একটি যাদুঘর ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বসন্তের সময়ে ইউক্রেনীয় সেনারা যখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তখন এ রুশ হামলার ঘটনা সংঘটিত হলো।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রুশ সেনারা এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কে আক্রমণ করেছে।
শহরের কেন্দ্রস্থলে স্থানীয় ইতিহাস বিষয়ক জাদুঘরে ওই হামলা হয়।
বর্তমানে রাশিয়ান সামরিক বাহিনী তাদের আক্রমণের ক্ষেত্রে বারবার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
কারণ, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে না।
ঘটনাস্থল থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করেছেন।
যাতে দেখা গেছে, যাদুঘরের ভবনটি বিধ্বস্ত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়-ক্ষতি পরীক্ষা করছেন।
এ সময় জেলেনস্কি বলেন, উগ্রবাদী দেশটি (রাশিয়া) আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য সবকিছু করছে।
একেবারে বর্বর পদ্ধতিতে তারা ইউক্রেনীয়দের হত্যা করছে। তারা আমাদের জনবসতি, ইতিহাস ও সংস্কৃতিকে মুছে ফেলতে চায়।
প্রাথমিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় জাদুঘরের এক কর্মী নিহত হয়েছেন।
তবে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ পরে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে অন্য আরও একজনের লাশ টেনে বের করা হয়েছে।
সিনিয়েহুবভ আরও বলেন, রুশ হামলার পর শঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সাতজন সামান্য আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা
