ইরান ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা

ইরান ও ইসরায়েল একটি ‘পর্যায়ক্রমিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘এ সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে।’ যদিও তেহরানে গতকাল সোমবার রাতভর হামলা চলেছে।

ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে।’

তবে মধ্যপ্রাচ্যের চির বৈরী দুই প্রতিপক্ষ—ইরান ও ইসরায়েলের কেউ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রায় দুই সপ্তাহ চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানে কয়েক শ মানুষ নিহত হয়েছেন, আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত ২৪ জনের।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল, একনজরে দেখা নেওয়া যাক:

১.ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে আজ মঙ্গলবার সকাল ১০টায় (বাংলাদেশ সময়) এবং তা ২৪ ঘণ্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে, ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে।

২.ট্রাম্প আরও বলেন, ‘২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার পর, বিশ্বের সামনে ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদ্‌যাপন করা হবে।’ উভয় দেশ এ সময়কে ‘শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে’ অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।

৩.ট্রাম্পের ঘোষণার মধ্যেই তেহরানের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাংবাদিকেরা জানান, যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে জোরালো হামলাগুলোর অন্যতম।

৪.বিশ্বনেতারা দীর্ঘদিন ধরেই এ সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন। তাই যুদ্ধবিরতির খবরটি তাঁদের জন্য স্বস্তির নিশ্বাস হয়ে এসেছে।

৫.ইসরায়েল ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ‘আগাম প্রতিরক্ষামূলক’ হামলা চালায়। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এর জের ধরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে।

তবে তার এই ঘোষণার পরও ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সময় মেহর নিউজ জানিয়েছে, তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি।

বিপরীতে ইরানও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল, তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

ভোররাত থেকে এমন এক প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা জানালো। তাছাড়া ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেটও জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, ইরান ওই সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানায়, চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

এন এ এন টিভি