ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু

দখলদার ইসরায়েলের সম্পূর্ণ অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

গাজায় সরকারি মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে, “অনাহার নীতির শিকারের সংখ্যা বেড়ে ৫৭ জন শহীদ হয়েছে। ক্রসিং বন্ধ এবং খাদ্য, শিশু খাদ্য, পুষ্টিকর সম্পূরক খাবার এবং কয়েক ডজন প্রয়োজনীয় ওষুধ প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

শনিবারের শুরুতে একটি মেডিকেল সূত্র আনাদোলুকে এজেন্সিকে জানিয়েছে, গাজা শহরের আল-রান্টিসি শিশু হাসপাতালে অপুষ্টি এবং পানিশূন্যতার কারণে একটি শিশু মারা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card