জন্মদিন উদযাপনের সময় নিজের গুলিতে নিহত ভারতীয় শিক্ষার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর জর্জিয়ার আটলান্টায় নিজ বাড়িতে বন্ধুদের সাথে জন্মদিন উদযাপনের সময় আরিয়ান রেড্ডি নামের ২৩ বছর বয়সী ওই যুবক নিহত হন।

পুলিশের বরাতে আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন বলছে, অনুষ্ঠানের সময় রেড্ডি তাঁর নতুন কেনা শিকারী বন্দুকটি পরিষ্কার করার চেষ্টা করেন। ঘটনাক্রমে একটি গুলি ছুড়লে তা তাঁর বুকে লাগে।

কর্মকর্তারা জানিয়েছেন, গুলির শব্দ শুনে রেড্ডির বন্ধুরা,যাঁরা অন্য ঘরে বসে ছিলেন, তাঁর ঘরে ছুটে আসেন এবং তাঁদের বন্ধুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁরা দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

রেড্ডি আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তেলেঙ্গানার ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামের বাসিন্দা রেড্ডি।

এনএএন টিভি