মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে পছন্দ করেন, তবে চীনা মালিকানাধীন এই স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপটি—যা প্রায় ১৭ কোটির মতো আমেরিকান ব্যবহার করেন, তার মালিকানা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।
রবিবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে লাটনিক বলেন “ প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই টিকটককে পছন্দ করেন, তিনি বারবার তা বলেছেন, কারণ এটি তরুণদের সঙ্গে যোগাযোগের একটি ভালো মাধ্যম।”
তিনি আরও যোগ করেন, “এই অ্যাপ যদি আমেরিকান মালিকানায় আসে, আমেরিকার প্রযুক্তি ও অ্যালগরিদমে চলে আসে, তাহলে প্রেসিডেন্ট এটিকে ইতিবাচকভাবেই দেখবেন।” কিন্তু সত্যি বলতে, আমরা চাই না চীনারা ১০০ মিলিয়ন আমেরিকান ফোনে এই অ্যাপ পরিচালনা করুক। এটা একদমই গ্রহণযোগ্য নয়।”
টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপকে কেন্দ্র করে অনেক দিন ধরেই নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা নিয়ে বিতর্ক চলছে। এর মালিকানায় পরিবর্তন আনার চেষ্টা চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
টিকটক শুধু বিনোদন নয়, এটি এখন রাজনৈতিক আলোচনার অংশ। ভবিষ্যতে এই অ্যাপ কীভাবে ব্যবহৃত হবে এবং কারা এর মালিক থাকবে – তা নির্ধারণ করে দিতে পারে আন্তর্জাতিক সম্পর্ক ও প্রযুক্তি নিরাপত্তার দিকনির্দেশনা।
