ট্রাম্পের শপথ রাত ১১টায়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময়- সোমবার, ২০শে জানুয়ারি রাত ১১টা) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে সেই কাঙ্ক্ষিত সকাল শুরু হয়েছে যেখানে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হবে। শপথের পরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে উন্মুক্ত জায়গায় শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে আজ ওয়াশিংটনে প্রচণ্ড ঠাণ্ডা এবং বৈরী আবহাওয়ার কারণে (মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস) ইনডোরে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান।

ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন।

কমপক্ষে ২ লাখ অতিথি অভিষেকে আমন্ত্রিত হয়েছেন। এদের মধ্যে দেশি-বিদেশি শীর্ষ ব্যক্তিরা রয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে।

শনিবার ওয়াশিংটনে যাত্রার আগে এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম দিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা বলেন।

তিনি যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এর অনেকগুলোই হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া নীতি বাতিল করা, এমনটি ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তার মধ্যে অভিবাসীর গণবিতাড়ন কর্মসূচিও রয়েছে।

Share this news as a Photo Card