দাবানল ছড়িয়ে পড়ায় ইতালি সফর বাতিল করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে ইতালি সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (৮ই জানুয়ারি) এ খবর জানিয়েছে হোয়াইট হাউস।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে ডিসেম্বরে হোয়াইট হাউস ঘোষণা করেছিল যে বাইডেন ৯-১২ জানুয়ারি ইতালি সফর করবেন। এ সফরে পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করার কথা ছিল।

লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পর, ইতালি সফর বাতিল করেন বাইডেন। ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় পুরোপুরি ফেডারেল প্রতিক্রিয়া জানানোর জন্য এই সফর বাতিল করা হয় বলে জানান বাইডেন।

এর আগে তিনি ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করা পুলিশ, অগ্নিনির্বাপণ এবং জরুরি কর্মীদের সাথে দেখা করেন এবং ক্যালিফোর্নিয়াকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরসহ আশপাশের এলাকায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

Share this news as a Photo Card