নামাজের সময় মসজিদে হামলা, বহু মুসল্লির প্রাণহানি

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ফজরের নামাজ আদায়কালে মসজিদে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি নিহত ও আহত হয়েছেন। এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ জানিয়েছে। ভোরে নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, নিহতরা সবাই মুসলিম, তাদের বেশিরভাগই পুরুষ।

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে, তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে।

(ফরাসি ভাষায়) স্থানীয় মিডিয়া জানিয়েছে, মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায়। সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মসজিদে হামলায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে।

বিবিসি বলছে, বুনকিনা ফাসোর নাতিয়াবোয়ানি শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি মসজিদে হামলায় কয়েক ডজন মুসলমান নিহত হয়েছেন বলে স্থানীয় ও নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে।

 

এনএএন টিভি