৭০তম জন্মবার্ষিকীতে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৭ অক্টোবর) এ উপহারটি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো।
রুশ প্রেসিডেন্ট পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে রাশিয়ান অর্থোডক্স চার্চ প্যাট্রিয়ার্ক কিরিল জানান, ঈশ্বর পুতিনকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, যাতে তিনি দেশের জন্য এবং দেশের জনগণের জন্য মহান দায়িত্ব পালন করতে পারেন।
পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্টকে তিনি জন্মদিন উপলক্ষে একটি বেলারুশিয়ান ট্রাক্টর উপহার দিয়েছেন।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ক্রেমলিনের প্রধান ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গে ছিলেন। সেখানে তিনি উপহারটি দেন।
পুতিনের জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। চেচেন নেতা কাদিরভ একটি ভিডিওর মাধ্যমে পুতিনের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেছেন। রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন টেলিগ্রামে জানান, পুতিন আছেন বলেই রাশিয়া আছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে ক্রেমলিনে ২০টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ৪০ জন মিলে একটি ফ্ল্যাশ মব করেছে।
রুশ টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে, বেলারুশ ট্রাক্টর হলো আইকনিক চার চাকার যান। ১৯৫০ সাল থেকে মিনস্ক ট্র্যাক্টর ওয়ার্কস এটি তৈরি করছে। বিশ্বের প্রায় ১০০ দেশে এই গাড়ি বিক্রি হয়।
অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর টেলিগ্রাম চ্যানেলে ট্রাক্টরটির ছবি প্রকাশ করা হয়েছে।
