পোল্যান্ডে ৩০০ সেনা এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস ঘোষণা দিয়েছেন, ‘ন্যাটো অঞ্চল রক্ষা, ইউক্রেনে সরবরাহ রক্ষা এবং রাশিয়ার আগ্রাসন রোধ’ করার জন্য পোল্যান্ডে ৩০০ সেনা এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে তার দেশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর আগে পোলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি শস্যক্ষেতে তারা একটি বস্তু পড়ে থাকতে দেখেন যা, শাহেদ ড্রোনের রুশ সংস্করণ হতে পারে। এর পরদিনই বুধবার দেশটিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল নেদারল্যান্ডস।
পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় পোল্যান্ডের ইউক্রেন সীমান্তের কাছে ওসিনি গ্রামের বেশ কয়েকটি বাড়ির জানালা ভেঙে গেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই মুহূর্তে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা রয়েছে। ইউক্রেন নিয়ে চলা সংঘাতের আবহে সেই সংখ্যা আরও বাড়িয়ে তুলছে আমেরিকা। এদিকে, আমেরিকার এহেন পদক্ষেপে অশনি সংকেত দেখছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ, ইউক্রেনের সঙ্গে সীমান্ত ভাগ করছে রোমানিয়া ও পোল্যান্ড।
অন্যদিকে, বেলারুশের সঙ্গে সীমান্ত ভাগ করছে পোল্যান্ড। আর বেলারুশেই রয়ছে রুশ সেনার একটি বড় সেনাদল। ফলে এটা স্পষ্ট যে রাশিয়াকে রুখতে একটি বলয় তৈরি করছে ওয়াশিংটন। এহেন পরিস্থিতিতে, ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়িয়ে নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করার চেষ্টা করতে পারে মস্কো।
উল্লেখ্য, সম্প্রতি এক মার্কিন সংস্থা কিছু উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে। আর তা দেখেই ঘুম উড়েছে বিশ্ববাসীর। যুদ্ধের আতঙ্কে কাঁটা ইউরোপবাসী। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেন সীমান্তে বিপুল সমরাস্ত্র এবং হাজার হাজার সেনা মোতায়েন করছে রাশিয়া। এমনকী, বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক সেনা।
পাঠানো হয়েছে গোলা-বারুদ, কামান। ট্রেনে করে সীমান্তে পৌঁছে যাচ্ছে যুদ্ধের রসদ। উপগ্রহচিত্র বলছে, বেলারুশের প্রশিক্ষণ শিবিরে ঘাঁটি গেড়েছে রুশ সেনা। জোরকদমে চলছে প্রশিক্ষণ। এমনকী, হাতেকলমে শেখানো হচ্ছে কামান দাগা। যা দেখে মনে হতেই পারে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পুতিনের সেনা। বেলারুশে ব্যালেস্টিক মিসাইল মোতেয়ন করা হয়েছে। সূত্র: টাইমস নাউ
