প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন।
আলজাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েচে।
ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।
