বর্ষবরণের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না পাকিস্তানে

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কোনও উৎসব কিংবা অনুষ্ঠানে শামিল হতে পারবেন না পাকিস্তানবাসী। কোনও উদ‌্‌যাপনও করা যাবে না ওই দিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনই নির্দেশ দিয়েছেন পাকিস্তানের তদারকি সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর।

পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্যালেস্টাইনবাসীর প্রতি সংহতি এবং সহমর্মিতা জানাতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। নিজের বক্তব্যে কাকর বলেন, “প্যালেস্টাইনের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত। আমরা প্যালেস্টাইনি ভাইবোনেদের প্রতি সংহতি জানাতে চাই। তাই বর্ষবরণের জন্য কোনও উৎসব কিংবা অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ করা হচ্ছে।”

এর পাশাপাশি ইজ়রায়েলি বাহিনীর নিন্দা করে পাক প্রধানমন্ত্রী দাবি করেন যে, ‘হিংসার সব সীমা অতিক্রম’ করে যাওয়া হয়েছে। গাজ়ায় ৯০০০ শিশুকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, “ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজ়ায় যে ভাবে নিরস্ত্র মানুষ, শিশু আর মহিলাদের হত্যা করা হয়েছে, তাতে পাকিস্তান এবং গোটা ইসলামিক দুনিয়া ক্ষুব্ধ।” প্যালেস্টাইনবাসীকে সাহায্য করা প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই দু’বার যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। তৃতীয় বার ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে। ত্রাণ সরবরাহ সুনিশ্চিত করতে ইসলামাবাদ জর্ডন এবং মিশরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি