ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে।
ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে এক এমপির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অধিবেশনে বিজেপির এক এমপি বলেন- সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়।
জয়শঙ্করের মন্তব্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের তথ্য যাচাইকারী প্লাটফর্ম ‘বাংলা ফ্যাক্ট’ নিশ্চিত করেছে যে ‘সালতানাত-এ-বাংলা’ নামে কোনো সংগঠনের অস্তিত্বের প্রমাণ তাদের কাছে নেই। বাংলা ফ্যাক্ট আরো জানায়, যে মানচিত্রটি প্রদর্শিত হয়েছে তা ঐতিহাসিক ‘বঙ্গ সালতানাত’-এর রেফারেন্সে একটি প্রদর্শনীর অংশ ছিল। যার সঙ্গে কোনো আধুনিক রাজনৈতিক অভিপ্রায় বা বিদেশী রাজনৈতিক সংযোগ নেই। একই সঙ্গে আয়োজকরা তাদের কার্যক্রমের সঙ্গে কোনো বিদেশী রাজনৈতিক সংগঠনের সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেছেন।
ভারতের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমস দাবি করেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক বাংলাদেশে তাদের প্রভাব জোরদার করতে তৎপর হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের প্রেক্ষাপটে এ তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে। তুরস্ক-সমর্থিত এনজিওগুলো বর্তমানে বাংলাদেশে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর সময় তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছিল, যার ফলে ভারতে তুর্কি পণ্যের বয়কটের ডাক উঠেছিল।
এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করছে। জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

One Reply to “বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারতের :পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর”
Comments are closed.