বাইডেনকে চিঠি পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে

মার্কিন কংগ্রেসের ৩১ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে । একই চিঠি তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকেও দিয়েছেন।

শুক্রবার (১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনে হস্তক্ষেপ ও জালিয়াতির তদন্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে যেন স্বীকৃতি না দেয়া হয়। একইসাথে রাজনৈতিক বক্তৃতা বা কার্যকলাপে জড়িত থাকার জন্য যাদের আটক করা হয়েছে, তাদেরকে মুক্তি দেয়ার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষকে অনুরোধ করতে বলা হয়েছে।

তারা চিঠিতে পাকিস্তানি কর্তৃপক্ষকে আরেকটি বিষয় স্পষ্ট করে বলার জন্য প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছে। তা হচ্ছে, যদি প্রাসঙ্গিক কোনো পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ওয়াশিংটন তার সামরিক ও অন্যান্য সহযোগিতা স্থগিতের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে।

পাকিস্তানে গত মাসে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিনে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকা এবং ভোট ঘনিয়ে আসার আগে গ্রেফতার ও সহিংসতার বৃদ্ধিসহ অস্বাভাবিকভাবে বিলম্বিত ফলাফলের কারণে ভোটে কারচুপির অভিযোগ ওঠে। পরে নির্বাচনী অনিয়ম সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এবং তদন্তের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন।

রয়টার্স বলছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নির্বাচনের পর জোট সরকার গঠনে সম্মত হয়েছে। যদিও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন লাভ করেছেন।

ইমরান খান-সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন জিতেছেন। কিন্তু এরপরও সরকার গঠনের জন্য তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল না। পরে তিনি এবং তার দল ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।

 

এনএএন টিভি