৩৭ বছর বয়সী উজবেকিস্তানের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে বেঙ্গালুরুর একটি হোটেলে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।
বেঙ্গালুরুর শেষাদ্রিপুরম এলাকার জগদীশ হোটেলের কক্ষ থেকে উদ্ধার হয় জারিনা নামে ওই নারীর মরদেহ। চার দিন আগে ট্যুরিস্ট ভিসায় বেঙ্গালুরু এসেছিলেন জারিনা।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে চারটে নাগাদ হোটেলের কর্মীরা দোতলায় জারিনার ঘরে কড়া নাড়েন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা মাস্টার চাবি দিয়ে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
হোটেলের ম্যানেজার তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করেন এবং পুলিশ রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে ওই নারী খুন হয়েছেন। তাদের ধারণা, জারিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাউরিং হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি দল, কুকুর স্কোয়াড নিয়ে মামলার রহস্য উন্মোচন করতে পারে এমন কোনও প্রমাণের জন্য ঘরটি সাবধানতার সাথে তল্লাশি করেছে।
