বিশ্ববিখ্যাত শপাহলিক উপন্যাস সিরিজের লেখিকা ব্রিটিশ সাহিত্যিক সোফি কিনসেলা আর নেই। বুধবার তার পরিবার এক বিবৃতিতে লেখিকার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোফি কিনসেলার প্রকৃত নাম ম্যাডেলিন সোফি উইকহ্যাম। ২০২২ সালে তার মস্তিষ্কে আক্রমণাত্মক ক্যান্সার—গ্লিওব্লাস্টোমা—ধরা পড়ে। দীর্ঘ দুই বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই শেষে তিনি মারা যান।
তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত পরিবারের বিবৃতিতে বলা হয়, “আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ সকালে আমাদের প্রিয় সোফি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। তার শেষ সময়গুলো কেটেছে ভালোবাসা, পরিবার, সঙ্গীত, উষ্ণতা, ক্রিসমাসের আনন্দ এবং অসীম সাহসিকতার মধ্য দিয়ে। লেখালেখির জগতে অর্জিত সাফল্য ও প্রিয় সম্পর্কগুলোকে সোফি নিজের আশীর্বাদ বলে মনে করতেন।”
বিশ্বব্যাপী সোফি কিনসেলার বইয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এখন পর্যন্ত তার বই ৬০টিরও বেশি দেশে ৫ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার মৃত্যুর খবরে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, লেখক-প্রকাশকসহ অসংখ্য পাঠক তাকে শ্রদ্ধায় স্মরণ করছেন।
১৯৬৯ সালে লন্ডনে জন্ম নেওয়া সোফি প্রথমে অক্সফোর্ডের নিউ কলেজে সঙ্গীত নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে দর্শন, রাজনীতি ও অর্থনীতি (PPE)–তে স্নাতক সম্পন্ন করেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি নিজ নামে প্রথম উপন্যাস দ্য টেনিস পার্টি প্রকাশ করেন। পাশাপাশি অর্থনীতি বিষয়ক সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।
২০০০ সালে ‘সোফি কিনসেলা’ ছদ্মনাম ব্যবহার করে প্রকাশ করেন দ্য সিক্রেট ড্রিমওয়ার্ল্ড অব আ শপাহলিক—যা তাকে আন্তর্জাতিক জনপ্রিয়তা এনে দেয়। এই সিরিজ অবলম্বনে ২০০৯ সালে নির্মিত হয় হলিউড চলচ্চিত্র Confessions of a Shopaholic।
রোমান্টিক কমেডি ও ‘চিক লিট’ ঘরানায় তার লেখার পরিচিতি থাকলেও তিনি সবসময়ই নিজস্ব লেখনশৈলীর বিশেষত্ব তুলে ধরেছেন। তার সর্বশেষ প্রকাশিত বই ‘হোয়াট ডাজ ইট ফিল লাইক?’ বাজারে আসে ২০২৪ সালের অক্টোবরে।
সোফি কিনসেলা মৃত্যুবরণ করেছেন স্বামী হেনরি এবং তাদের পাঁচ সন্তানকে রেখে।
