ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট (নরেন্দ্র মোদি) নাকি বিরোধী ইন্ডিয়া জোট (রাহুল গান্ধী); লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে, এগিয়ে চলছে সেই প্রক্রিয়া।
প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম এক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৫৭টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৪৫টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে।
তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসকদল তৃণমূল। ওই রাজ্যের ৪২টি আসনে ৫০৭ জন প্রার্থী লড়াই করছেন। ৫৫টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে।
প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ১৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ওই রাজ্যে ১১টি আসনে বিজেপি এবং দুইটিতে এগিয়ে আছে কংগ্রেস।
এদিকে, ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে হুগলির তৃণমূলপ্রার্থী রচনা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির মধ্যে। তবে এ পর্যন্ত ৩৮০৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রচনা। লকেট ৩৪৫৬ ভোটের ব্যবধানে রয়েছেন রচনার পরেই।
গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

Comments are closed.