মদপানে বাধা দেওয়ায় ২ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ফুটপাতে মদপান করে হাতে লোহার রড নিয়ে স্থানীয়দের ভয় দেখাচ্ছিলেন সুলতান নামে এক যুবক। এ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ওই যুবকের হাত থেকে লোহার রড কেড়ে নিতেই ছুরি বের করে দুই পুলিশ সদস্যকে কোপাতে শুরু করেন মাতাল ওই যুবক। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তারা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় শনিবার (৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। খরব এই সময়ের।

আহতরা হলেন: নর্থ পোর্ট থানার এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু। জানা গেছে, তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে সুলতান নামে ফুটপাতের এক বাসিন্দা মদ্যপানে আসক্ত। সে মদ পান করে লোহার রড নিয়ে ঘোরাফেরা করছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তার হাত থেকে রডটি নিয়ে নেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত যুবককে ঘটনার পর গ্রেফতার করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card