মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের জালান গুয়া মুসাং লোজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরনবী (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

‘আত্মরক্ষার্থে’ পিকআপ ট্রাক থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য দেন গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু।

বিবৃতিতে চুন ফু বলেন, বৃহস্পতিবার ভোরে নিহত বাংলাদেশি পাহাংয়ের ক্যামেরন হাইল্যান্ডসের ব্লু ভ্যালি থেকে গুয়া মুসাংয়ের দিকে যাচ্ছিলেন। এসময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লোহার ব্যারিয়ারে ধাক্কা লেগে রাস্তার বাম দিকে ঘুরে যায়।

এসময় নিজেকে বাঁচাতে পিকআপ ট্রাক থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান।

এনএএন টিভি

Share this news as a Photo Card