যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বেড়েছে মুসলিমবিদ্বেষ

গত ২৮ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মোট ৮ হাজার ৬১টি এই ধরনের হামলা হয়েছে ২০২৩ সালে।

গতকাল বৃহস্পতিবার মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ার’র উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কেয়ার-এর কর্মকর্তারা জানান, গত বছরের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরাইলিদের ওপর হামলার পর তিন মাসে মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণ চরমে উঠেছে। আর ২০২২ সালের তুলনায় গত বছর এ ধরনের আক্রমণের ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ। আগের বছর তা ছিল ৫ হাজার ১৫৬।

কেয়ারের গবেষক এবং এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আফিফি এ প্রসঙ্গে বলেন, আমাদের আশঙ্কাকে ছাড়িয়ে গেছে প্রকৃত তথ্য। অর্থাৎ গোটা মুসলিম কম্যুনিটি ভীষণ আতঙ্কে দিনাতিপাত করছে। অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হচ্ছে বলে আফিফি অভিযোগ করেছেন। এ ধরনের বিদ্বেষের সংখ্যা ১ হাজার ৬৩৭। এরপরই রয়েছে কর্মক্ষেত্রে বৈষম্য অথবা বিদ্বেষী আচরণের ঘটনা।

এদিকে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে চলতি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত কোন মসজিদ অথবা ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card