মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার মার্কিন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের ২৭ দেশের জোট ইইউ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। জোটের নেতারা সম্প্রতি আশা প্রকাশ করে বলেছিলেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পরবেন। এরই মধ্যে ইইউর ওপর চড়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাণিজ্যিক অংশীদারেরা পাল্টা পদক্ষেপ নিলে তাদের ওপর শুল্কের হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের ওপরও নতুন শুল্ক আরোপ করবে বলে গত কয়েক দিনে জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ছোট ছোট বাণিজ্য অংশীদার আরও বেশ কয়েকটি দেশকে নতুন শুল্কহার উল্লেখ করে চিঠি দিয়েছে তাঁর প্রশাসন। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যদিও ২০২০ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) আওতাভুক্ত কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছিল। তবে ১ আগস্ট থেকে এসব ছাড় কার্যকর থাকবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ভন ডার লেয়েনকে পাঠানো চিঠিটি ছিল বাণিজ্য ইস্যু কেন্দ্রিক। ট্রাম্প অতীতে দাবি করেছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করছে এবং অভিযোগ করেন যে এই জোট মূলত আমেরিকাকে “বঞ্চিত” করার জন্যই গঠিত।

ট্রাম্প চিঠিতে আরও লেখেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে বছরের পর বছর আলোচনা করেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি যে আপনাদের শুল্ক, অশুল্ক নীতিমালা ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্টি হওয়া দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের সরে আসতে হবে।

যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসও শীর্ষ ১৫ বাণিজ্য অংশীদারের তালিকায় রয়েছেস্যাটেলাইট ছবিতে দেখা গেল ইরানি হামলায় কাতারের মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি।

এই সপ্তাহে ট্রাম্প একাধিক দেশে চিঠি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে ১ আগস্ট থেকে তাদের রপ্তানি পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। এপ্রিল মাসে ঘোষিত প্রথম ধাপের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল আলোচনার সুযোগ করে দিতে।

তবে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পেরেছে এবং চীন ও ভিয়েতনামের সঙ্গে সমঝোতার খসড়া চুক্তির ঘোষণা দিয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card