কাশির সিরাপে শিশুর মৃত্যুর ঘটনায় ভারতীয় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সব ধরনের ওষুধ উৎপাদন স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির ওই সিরাপ সেবন করে গাম্বিয়ায় শিশু মৃত্যুতে যোগসূত্র পাওয়ায় এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, মেইডেন ফার্মাসিউটিক্যালস নামে ওষুধ প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানটি সিরাপটির উৎপাদন এবং পরীক্ষামূলক কার্যক্রমের সময় নিয়ম ভঙ্গ করেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোম্পানিটির চারটি কাশির সিরাপের ব্যাপারে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে। প্রায় ৭০ জন শিশুর মৃত্যুর সঙ্গে এসব সিরাপ সেবনের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই ব্যাপারে ভারত এবং গাম্বিয়ায় তদন্ত চলছে।

অন্যদিকে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, বেশ কয়েকটি নিরাপত্তা বিধি ভঙ্গের প্রমাণ পাওয়ার পর নয়া দিল্লি ভিত্তিক ওই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব ধরনের ওষুধ উৎপাদন স্থগিত করা হয়।
সংস্থাটি আরও বলেছে, তদন্তের সময় দেখা যায় প্রতিষ্ঠানটি বিধি লঙ্ঘন করেছে। বিধি লঙ্ঘনের গুরুত্ব এবং উৎপাদিত ওষুধের গুণগত মান, সুরক্ষা ও কার্যকারিতার সম্ভাব্য ঝুঁকির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন স্থগিত করা হয়েছে।

Comments are closed.